ঢাকায় অপরাধ বিষয়ক সাংবাদিকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের পথচলা শুরু হয় চারদশক আগে। (ক্র্যাব)। ১৯৮৩ সালের ২৩ জুলাই পড়ন্ত বিকেলে প্রতিভাবান ও উদ্যমী ক্রাইম রিপোর্টারদের হাত ধরে এর যাত্রা শুরু। প্রতিষ্ঠাতাদের অনেকে কালেরগর্ভে হারিয়ে গেলেও অগ্রজদের দেখানো পথ ধরে ক্র্যাব এগিয়েছে অনেকদূর। হাটি হাটি পা পা করে চলা এই সংগঠন ৪১ বছরে পদার্পন করেছে। চারদশকের এই পথচলায় পেশাদার সংবাদকর্মীদের এই সংগঠন এখন স্বমহিমায় উদ্ভাসিত। সদস্যদের কল্যাণে সর্বত্রই এর পরিচিতি পৌছেছে। সংগঠন থেকে ক্র্যাব পরিণত হয়েছে একটি পরিবারে। এই পরিবারের সদস্য ৩’শতাধিক। সদস্যরা এটাকে প্রাণের সংগঠন বলে মনে করেন। এই পরিবারের সদস্যরা দেশের গন্ডি ছাপিয়ে বিদেশেও পরিচিতি পেয়েছেন নিজের কর্মদক্ষতার কারণে। যা আমাদের জন্য গর্বের, অত্যন্ত আনন্দের-সম্মানের।
অনুসন্ধানী সাংবাদিকতায় ক্র্যাব সদস্যরা বরবারই সাফল্য রেখে আসছেন। বিশ্বের অনেক স্বনামধন্য মিডিয়াতে আছে সদস্যদের যোগাযোগ। সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে ক্র্যাব পরিবারের অনেক সদস্য প্রশংসা কুড়িয়েছেন। পেশার মান বাড়াতে ওয়ার্কশপ, সভা-সেমিনার করা হয় নিয়মিত। চিত্তবিনোদনের সঙ্গে থাকছে ট্যুরের আয়োজনও। সদস্যদের কল্যাণে দিনে দিনে বাড়ছে কাজের পরিধি। মর্যাদার এই সংঠন অনেকের কাছে অনুকরনীয়ও বটে। পেশাদারিত্ব ও সদস্যদের স্বার্থ রক্ষার প্রশ্নে আপোষহীন থাকায় সময় পরিক্রমায় ক্র্যাবের পরিচিতি ও ব্যপ্তি বেড়েছে। সেগুনবাগিচায় নিজস্ব কার্যালয়ের পাশেই আছে বিশালাকৃতির মিলনায়তন। পল্টনে আছে বাণিজ্যিক স্পেস। সবমিলিয়ে ক্র্যাব এখন স্বনির্ভর।
অনেক চড়াই উৎরাই পেরিয়ে চারদশক পর গত ২৮ নভেম্বর আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। যা এক অনন্য প্রাপ্তি বলে আমরা মনে করি। সদস্যদের বহু বছরের লালিত স্বপ্ন ও প্রত্যাশার প্রাপ্তি ঘটেছে কার্যনির্বাহী কমিটি-২০২৪ এর হাত ধরে। যা ক্র্যাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নতুন নতুন স্বপ্ন নিয়ে- সম্ভবনা জাগিয়ে ক্র্যাব তার অভিষ্ট লক্ষ্যে পৌছবেই।
কামরুজ্জামান খান
দৈনিক ভোরের কাগজ