সাধারণ সম্পাদকের কথা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। ক্রাইম রিপোর্টারদের সেকেন্ড হোম এটি। সব ধরণের রক্তচুক্ষকে উপেক্ষা করে কাজ করছেন ক্র্যাব সদস্যরা। পেশাগত উন্নয়নকে প্রাধান্য দিয়েই সব সময় কাজ করে সংগঠনটি। প্রাণপ্রিয় এই সংগঠন এরই মধ্যে প্রতিষ্ঠার ৪১ বছর পার করেছে। বহু চড়াই-উৎরাই পেরিয়ে গত ২৮ নভেম্বর-২০২৪ সরকারি স্বীকৃতি পেয়েছে আমাদের আবেগ ও ভালোবাসা। সমাজ সেবা অধিদপ্তর থেকে পেয়েছি সংগঠনের নিবন্ধন। নিবন্ধন পেতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ক্র্যাব পরিবারের সকল সদস্যদের। সেই সঙ্গে শ্রদ্ধাভরে স্মরণ করছি ক্র্যাবের প্রয়াত সদস্যদের।

বাংলাদেশের অপরাধ বিষয়ক সাংবাদিকদের একমাত্র সংগঠন ক্র্যাব। এর বর্তমান সদস্য সংখ্যা ৩২৫ জন। দেশি-বিদেশী বিভিন্ন দৈনিক, টেলিভিশন, বেতার, বার্তাসংস্থা এবং অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরতরাই এই সংগঠনের সদস্য। এখানে নেই কোনো দলাদলি, হিংসা-বিদ্বেষ। সব সদস্য মিলেই একটি পরিবার। কোন সদস্য প্রতিকূল অবস্থার মুখে পড়লে, সেই অবস্থা থেকে উত্তরণে ঝাপিয়ে পড়েন সবাই। হাঁটি হাঁটি পা-পা করে ক্র্যাব আজ শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। যেখানে সদস্যরা প্রতিনিয়ত: কাজের ফাঁকে মেতে উঠেন আড্ডায়। সংগঠনের পরিধি দিনে দিনে বাড়ছে। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে ক্র্যাবের নাম। এটা আমাদের বড় সফলতা। এই সফলতার মাঝে খুঁজে পাচ্ছি আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি আমাদের চলার পথকে আগামীতে আরো সুগম করবে বলে প্রত্যাশা রাখি।

অপরাধীরা সব সময়ই প্রভাবশালী। তাই অপরাধবিরোধী প্রতিবেদন প্রচার বা প্রকাশে প্রতিনিয়ত হামলা- মামলাসহ নানা বাধার মুখে পড়তে হচ্ছে ক্রাইম রিপোর্টারদের। কখনো কখনো হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে অপরাধ বিষয়ক বিপোর্টারদের। আর হয়রানি বা মানসিক চাপ তো নিত্যদিনের সঙ্গী। এসব বিষয় মাথায় রেখে অগ্রজরা ৪১ বছর আগে সংগঠিত হয়েছিলেন। তারা শ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)। ক্র্যাবের অগ্রযাত্রা অব্যাহত থাকুক – সেটাই প্রত্যাশা।

 

সিরাজুল ইসলাম
দৈনিক যুগান্তর

 

Facebook Comments Box